সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্টে দাবি করা হয়েছে, ইরানে আটক হয়েছেন মার্কিন ডেল্টা ফোর্সের সদস্যরা। পোস্টে মার্কিন সেনাদের ৪টি ছবি যুক্ত করা হয়েছে। এসব পোস্টে আরও বলা হয়, ‘‘যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স ইরানের ভেতরে একটি গোপন অভিযান চালানোর চেষ্টা করেছিল। তবে সেই অভিযান সফল হয়নি এবং পরিস্থিতি দ্রুত ইরানের নিয়ন্ত্রণে চলে যায়। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযানের সময় বহু মার্কিন সেনা তাদের হাতে বন্দি হয়েছে।’’
এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে যাচাইয়ে দেখা যায়, মার্কিন সেনা আটকের দাবিটি অসত্য এবং ছবিগুলো এআই দিয়ে তৈরি।
৪টি ছবির দুটিতে দেখা যায়, ইরানের পতাকাসমেত কিছু সৈন্য ডেল্টা ফোর্সের সদস্যদের হাঁটু গেড়ে বসিয়ে ঘিরে রেখেছেন। আরেকটি ছবিতে হাত বাঁধা অবস্থায় সদস্যরা হাঁটছেন এবং একটি ছবিতে সৈন্যরা প্যারাসুট দিয়ে নামছেন—এমন দৃশ্য দেখা যায়।
প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে দেশীয় কিংবা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমে মার্কিন ডেল্টা ফোর্সের সদস্যরা ইরানি সৈন্যদের হাতে আটক হয়েছেন মর্মে সংবাদ পাওয়া যায়নি।

ছবিগুলোও যাচাইয়ে জেমিনির সিন্থ-আইডি ব্যবহার করে দেখা যায়, ৪টি ছবিই গুগলের এআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে। উল্লেখ্য, গুগলের এআই চ্যাটবট ব্যবহার করে ছবি তৈরি বা সম্পাদনা করা হলে সিন্থ-আইডি তা নিখুঁতভাবে শনাক্ত করতে পারে।

এছাড়াও, এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট sightengine -এ ছবিগুলো যাচাই করলে দেখা যায়, এগুলো এআই-তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।