Image description

ইরানের ড্রোন হামলায় কুয়েতে নিহত আরও দুই মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। গত রোববার (১ মার্চ) কুয়েতের শুয়াইবা বন্দরে চালানো ওই ড্রোন হামলায় নিহত দুই সেনা সদস্য হলেন মেজর জেফ্রি ও’ব্রায়েন (৪৫) এবং রবার্ট মারজান (৫৪)।তথ্য সিএনএনের। 

 

ও’ব্রায়েন যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ইন্ডিয়ানোলা এলাকার বাসিন্দা; এবং চিফ ওয়ারেন্ট অফিসার-৩। আর ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর বাসিন্দা মারজান। 

পেন্টাগনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবার্ট মারজানের মরদেহ এখনও একজন মেডিকেল পরীক্ষকের মাধ্যমে চূড়ান্তভাবে শনাক্তকরণের অপেক্ষায় রয়েছে। তবে তিনি হামলার সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন এবং ড্রোন হামলায় তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।

 

এর আগে মঙ্গলবার একই হামলায় নিহত আরও চার সেনা সদস্যের পরিচয় প্রকাশ করা হয়েছিল। নিহত ছয়জনই আইওয়া থেকে পরিচালিত মার্কিন সেনাবাহিনীর রিজার্ভ ইউনিট ১০৩তম সাসটেইনমেন্ট কমান্ডে কর্মরত ছিলেন।

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের অবস্থা খারাপ থাকায় ও’ব্রায়েন ও মারজানের মরদেহ উদ্ধার করতে বেশি সময় লেগেছে।

নিহত দুই সেনা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর রসদ সরবরাহ ও সহায়তা কার্যক্রম তদারককারী ১ম থিয়েটার সাসটেইনমেন্ট কমান্ডের সহায়তায় দায়িত্ব পালন করছিলেন।