Image description

আইসিসি টুর্নামেন্টে হতাশাজনক ফলাফলের পর বড়সড় পরিবর্তন পাকিস্তানের ক্রিকেটে নতুন কিছু নয়। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেভাগে বিদায়ের পর আবারও টিম ম্যানেজমেন্টে বড় রদবদলের আভাস মিলছে দ্য গ্রিন ম্যানদের।

পাকিস্তান টেস্ট দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। ২০২৫ সালের ডিসেম্বরে অন্তর্বর্তী কোচ আজহার মাহমুদের দায়িত্ব শেষ হওয়ার পর থেকেই পদটি খালি ছিল।

বর্তমানে পাকিস্তান শাহিন্স দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন সরফরাজ। সেখানে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে তাদের সাদা বলের সিরিজ চলছিল। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সফরের বাকি অংশ স্থগিত করেছে এবং খেলোয়াড়দের দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলমান। 

শাহিন্সের সূচিতে বিঘ্ন ঘটলেও ধারণা করা হচ্ছে, আসন্ন বাংলাদেশ সফরের আগেই টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব পাবেন সরফরাজ। সম্প্রতি তার কোচিংয়ে এশিয়া কাপ জিতেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ডিসেম্বরে ফাইনালে ভারতের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় তারা। এই সাফল্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির নজর কাড়েন সরফরাজ। সমর্থকরাও দীর্ঘদিন ধরে সিনিয়র দলের কোচিং স্টাফে তাকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন।

আগামী ৮ ও ১৬ মে দুটি টেস্ট ম্যাচে পাকিস্তানকে আতিথ্য দেবে লাল-সবুজেরা। ম্যাচ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

সবশেষ ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের হয়ে টেস্ট খেলেছেন সরফরাজ। তার নেতৃত্বেই ২০১৭ সালে ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দ্য গ্রিন ম্যানরা। সেবার ফাইনালে ভারতকে হারায় তারা। ৫৪টি টেস্ট খেলা এই অভিজ্ঞ ক্রিকেটারের সামনে এবার বড় চ্যালেঞ্জ, কিন্তু সিনিয়রদের হেড কোচ হওয়া তার জন্য যে কঠিন হবে, সেটা বলাই যায়।