ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের বেইত শেমেশ শহর পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানান, ইসলামী প্রজাতন্ত্র পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করলে ‘মানবতার জন্য হুমকি’ হয়ে দাঁড়াবে। খবর বিবিসির।
সোমবার (২ মার্চ) বেইত শেমেশ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বেইত শেমেশ রাজধানী তেলআবিব ও জেরুজালেমের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানি শাসকগোষ্ঠী যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয় এবং তা বিতরণের উপায় অর্জন করে, তাহলে তারা ‘সমগ্র মানবতার জন্য হুমকি’ হয়ে দাঁড়াবে।
তিনি বলেন, ‘আমরা নিজেদের রক্ষা করার লড়াইয়ে নেমেছি, কিন্তু এর মাধ্যমেও অনেককে রক্ষা করি।’
তিনি আরও বলেন, ‘বিশ্বকে বাঁচানোর এই মহান প্রচেষ্টায় আমাদের সঙ্গে থাকার জন্য আমি আমাদের মহান বন্ধু এবং বিশ্বের একজন মহান নেতা ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ ধন্যবাদ জানাই।’
বেইত শেমেশ শহরে গতকাল রোববার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলায় ৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন কিশোরও রয়েছে।
এর আগে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম দাবি করে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমানবাহিনীর কমান্ডারের অবস্থানে ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। সংস্থাটি জানায়, এই হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আরেক সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে আইআরজিসি জানায়, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমানবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেগুলো প্রতিহত করার চেষ্টা করছে। ক্ষয়ক্ষতির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উভয় পক্ষের দাবি-পাল্টা দাবির মধ্যে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।