ইরানের দুটি যুদ্ধবিমান ‘সফলভাবে গুলি করে ভূপাতিত’ করার দাবি করেছে কাতারের বিমানবাহিনী। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ও তার জবাবে ইরানের পাল্টা আক্রমণের প্রেক্ষাপটে এ দাবি করা হয়। খবর আলজাজিরার।
সোমবার (২ মার্চ) কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা দুটি এসইউ-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাশাপাশি ইরানের ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পাঁচটি ড্রোন প্রতিহত করা হয়েছে বলেও দাবি করা হয়।
মন্ত্রণালয়ের ভাষ্য, ‘অপারেশনাল পরিকল্পনা অনুযায়ী হুমকি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই মোকাবিলা করা হয়েছে। লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।’
কাতার ইরানের বিরুদ্ধে তাদের ভূখণ্ডকে ‘বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীনভাবে’ লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছে এবং এ ঘটনার নিন্দা জানিয়েছে। অন্যদিকে ইরানজুড়ে মার্কিন-ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইরান কাতারসহ কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ উপসাগরীয় বিভিন্ন দেশের লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে বলে আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে।