Image description

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর গত তিন দিনে ৬০০ লক্ষ্যবস্তুতে মোট ২ হাজার ৫০০টি বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। এর মধ্যে ১৫০টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে আক্রমণ করে ইসরায়েল। খবর জেরুজালেম পোস্ট।

 

সোমবার (২ মার্চ) বিকেলে এ তথ্য জানিয়েছে আইডিএফ। এর আগে গত শনিবার সকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল।

 

আইডিএফ জানিয়েছে, ওই সকাল থেকে সংঘাত শুরু হওয়ার পর তারা ৬০০টি ইরানি লক্ষ্যবস্তুতে মোট ২ হাজার ৫০০টি বোমা নিক্ষেপ করেছে। ৬০০ লক্ষ্যবস্তুর মধ্যে ১৫০টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক, ২০০টি বিমান প্রতিরক্ষা লক্ষ্যবস্তু এবং ২০টি ইরানি নেতৃত্বের লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

 

প্রাথমিকভাবে আইডিএফের মনোযোগ ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ক্ষমতা হ্রাস করার ওপর, তবে এখন লক্ষ্যবস্তুগুলোর উল্লেখযোগ্য অংশ ইসলামি শাসনব্যবস্থাকে দুর্বল করার দিকে মনোনিবেশ করছে।

 
 

 

আইডিএফ সূত্র বলছে, লক্ষ্য হলো যাতে এক সপ্তাহ বা তারও বেশি সময় পরে ইরানি বিক্ষোভকারীরা সরকারের ওপর প্রভাব ফেলতে সক্ষম হয়।

 

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযানটি দ্রুত শেষ করার চেষ্টা করলেও, আইডিএফ চাইছে এটি যতটা সম্ভব দীর্ঘস্থায়ী হোক, যাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় এবং সরকারের ওপর জনগণের প্রতিবাদ আন্দোলনের প্রভাব বাড়ে।

 

পৃথকভাবে আইডিএফ জানিয়েছে, তারা ১ লাখ ১০ হাজার রিজার্ভ সৈন্যকে সক্রিয় দায়িত্বে নিযুক্ত করেছে এবং প্রয়োজনে আরও সৈন্য নিয়োগের জন্য প্রস্তুত। তবে তারা এখনও লেবানন আক্রমণের জন্য অতিরিক্ত সৈন্য নিয়োগ করেনি।