Image description

রাজধানীর বাড্ডা থানার আনন্দনগর এলাকায় জামায়াত নেতাকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। আজ সোমবার (২ মার্চ) এলাকার সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে এঘটনার একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করেছেন। 

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, এ কেমন নিষ্ঠুরতা? রাজধানীর বাড্ডা থানাধীন আনন্দ নগর ওয়ার্ডের স্থানীয় জামায়াত নেতা ও ইকরামুন্নেসা হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেন স্যারের ওপর অতর্কিত হামলা করেছে স্থানীয় বিএনপির নেতারা। দক্ষিণ আনন্দনগর ইউনিট বিএনপি সভাপতি জাহাঙ্গীর, বিএনপি নেতা খালেক ও আব্দুর রহিম এ হামলা চালায়। 

ক্যাপশনে আরও লেখেন, সিসিটিভির ফুটেজে দেখা যায়, গতকাল যোহরের নামাজের পর সড়কে দাঁড়িয়ে থাকা আমজাদ স্যারের ওপর সজোরে মোটর সাইকেল দিয়ে আঘাত করে বিএনপি নেতা সন্ত্রাসী জাহাঙ্গীর। এরপর স্যারকে বেধড়ক পেটানো হয়। আমরা এমন ন্যক্কারজনক হামলার নিন্দা জানাই। অবিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে। নতুন বাংলাদেশে কোনো সন্ত্রাসী, মাফিয়া গোষ্ঠীকে ছাড় দেয়া হবে না।

এবিষয়ে জানতে চাওয়া হলে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আনন্দনগর ওয়ার্ডে গতকাল একটি মারধরের ঘটনায় থানায় অভিযোগ জমা পড়েছে। আমি বাইরে থাকায় বাদি বা বিবাদীদের নাম বলতে পারছি না।