জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ বলেছেন, ইরানে মার্কিন-ইসরায়েল হামলা আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি করবে।
রোববার (১ মার্চ) জিও নিউজ এ সংবাদ প্রকাশ করেছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সতর্ক করে দিয়েছে পাকিস্তান। দেশটির মতে এ যৌথ হামলার পর ইরানের প্রতিশোধমূলক হামলা সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে।
এ বিষয়ে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ বলেন, আঞ্চলিক সংঘাতের ঝুঁকি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
শনিবার সন্ধ্যায় ফ্রান্স, চীন, রাশিয়া, বাহরাইন ও কলম্বিয়ার অনুরোধে ১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশন বসে। এ সময় আসিম এ মন্তব্য করেন।
পাকিস্তানি রাষ্ট্রদূত তার ভাষণে দুঃখ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ আক্রমণ এমন সময়ে হলো যখন শান্তিপূর্ণভাবে এবং আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর জন্য নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা চলছে।
একই সময়ে পাকিস্তানি রাষ্ট্রদূত আসিম সৌদি আরব, বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের হামলার নিন্দা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। তিনি সব পক্ষের সর্বোচ্চ সংযম প্রদর্শনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।