ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি সরকার গঠন করেছে। জাতীয় সংসদে সরকারি দলীয় চিফ হুইপ এখনও মনোনয়ন দেয়নি বিএনপি। তবে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সংসদের গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে সরকারি ও বিরোধী দলের চিফ হুইপ পদও উল্লেখযোগ্য।
চিফ হুইপের দায়িত্ব হলো-সংসদে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং বিল বা প্রস্তাবে দলীয় অবস্থান সমন্বয় করা। যদিও বিরোধী দলীয় নেতা ও চিফ হুইপ নির্ধারিত হয়েছে, সরকারদলীয় চিফ হুইপ ও সংসদ উপনেতার নাম এখনো ঘোষণা করা হয়নি। নতুন সংসদের প্রথম অধিবেশন তাই সাংবিধানিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সংসদ বিষয়ক গবেষকরা বলছেন, হুইপের দায়িত্বের মধ্যে রয়েছে, নিজ দলের সদস্যদের পার্লামেন্ট বা আইনসভায় নিয়মিত হাজির করার ব্যবস্থা করা, সংসদে কোনো বিল উত্থাপিত হলে দলীয় সব সদস্যরা যেন দলের পক্ষে ভোট দেন তা নিশ্চিত করা কিংবা সদস্যরা কোন বিষয়ের ওপর কতক্ষণ বক্তব্য দেবে তার সময় সীমা নির্ধারণ করা।
ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণের দিন সরকারি দল মন্ত্রিসভা গঠন করেছেন।একই দিন সংসদেই, জামায়াত এনসিপি জোটের সংসদ সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। পরে বিরোধী জোটের বৈঠকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধী দলীয় উপনেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত করা হয়।
সূত্র: বিবিসি বাংলা