দুর্নীতির অভিযোগ থাকায় ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানম এবং শিক্ষা ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম (এন আই) খানের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১ মার্চ) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
এদিন দুদকের পক্ষে পৃথক দুটি আবেদনে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
সংস্থাটির সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন অভিযোগ সংশ্লিষ্ট সানজিদা খানমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। বিশ্বস্ত সূত্রে তথ্য রয়েছে যে, তিনি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তার বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।
অপরদিকে দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন সাবেক সচিব নজরুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে উদ্দীপন এনজিও চেয়ারম্যান নিয়োগ হওয়ায় অযোগ্য ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া, বিদেশে অর্থ পাচার, ঘুষ বদলি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে।
নজরুল ইসলাম খান দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।
শুনানি বিচারক আবেদন দুটি মঞ্জুর করে আদেশ দেন।