ইরানের শনিবার সকালে চালানো ইসরায়েলি হামলায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থল শাখার প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করছে ইসরায়েলি প্রশাসন।
টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলি কর্মকর্তারা বিশ্বাস করেন যে, এই হামলায় পাকপুর ছাড়াও ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং গোয়েন্দা প্রধানও প্রাণ হারিয়েছেন। যদিও এই খবরের সত্যতা এখন পর্যন্ত তেহরান কিংবা ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
২০২৫ সালের জুনে শুরু হওয়া যুদ্ধের শুরুতে তৎকালীন আইআরজিসি প্রধান হোসেন সালামি নিহত হওয়ার পর মোহাম্মদ পাকপুর এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
শনিবারের এই সুপরিকল্পিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক নেতাদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে।
তবে এই হামলার চূড়ান্ত ফলাফল এবং ক্ষয়ক্ষিতর পরিমাণ এখনো অস্পষ্ট। এদিকে ইরানের ওপর এই হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে। ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ তাদের একটি সামরিক ঘাঁটিতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়ে বলেছে যে তারা খুব শীঘ্রই মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আক্রমণ শুরু করবে।
উদ্ভূত পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত ইসরায়েলি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ। সংস্থাটি জানিয়েছে, ইরানের ওপর হামলার প্রতিক্রিয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসরায়েলি ও ইহুদি লক্ষ্যবস্তুতে হামলার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণের রিয়েল-টাইম তথ্য শেয়ার না করার এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
শীর্ষনিউজ