সাতক্ষীরায় নার্সিং ভর্তি পরীক্ষা আশানুরূপ না হওয়ায় মায়ের বকুনিতে অভিমান করে আমেনা খাতুন (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শহরের কাঠিয়া দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় আমেনা মানসিকভাবে ভেঙে পড়েন। এ নিয়ে রাতে তার মা তাকে বকাঝকা করেন। ধারণা করা হচ্ছে, সেই অভিমান থেকেই তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয়দের দাবি, পরীক্ষার চাপ ছাড়াও পারিবারিক কিছু কলহ ও আমেনার বৈবাহিক জীবন নিয়ে টানাপোড়েনে ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।