আধুনিক যুগের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের বিষয়ে ক্ষমা চেয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এমন বিষয়ে বিল গেটসের নাম আশায় দাতব্য সংস্থা গেটস ফাউন্ডেশনের কর্মীদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন।
দুই রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথাও স্বীকার করেছেন বিল গেটস। তবে তিনি জোর দিয়ে বলেন, ওই নারীরা এপস্টেইনের মাধ্যমে কিংবা তার অপহরণের শিকার ছিলেন না।
এক মুখপাত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এবং রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গেটস ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে এক টাউন হল বৈঠকে নিজের কর্মকাণ্ডের দায় স্বীকার করেছেন বিল গেটস।
মার্কিন বিচার বিভাগ সম্প্রতি যেসব নথি প্রকাশ করেছে, তাতে দেখা যায়-যৌন অপরাধে কারাদণ্ড পাওয়ার পরও এপস্টেইনের সঙ্গে গেটসের একাধিক বৈঠক হয়েছিল। এসব বৈঠক মূলত গেটসের দাতব্য কার্যক্রমকে ঘিরেই অনুষ্ঠিত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন মতে, টাউন হল বৈঠকে গেটস স্বীকার করেছেন যে এপস্টেইনের সঙ্গে সময় কাটানো ছিল তার বড় ভুল। এমনকি এপস্টেইনের সঙ্গে কিছু বৈঠকে ফাউন্ডেশনের কর্মকর্তাদের যুক্ত করাও ভুল ছিল বলে তিনি জানান।
পত্রিকাটি একটি অডিও রেকর্ডিংয়ের বরাতে গেটসের বক্তব্য উদ্ধৃত করে জানায়, তিনি বলেছেন, ‘আমি যে ভুল করেছি তার কারণে অন্য যেসব মানুষ এতে জড়িয়ে পড়েছেন তাদের কাছে আমি ক্ষমা চাই।’
ফাউন্ডেশনের কর্মীদের উদ্দেশে গেটস বলেন, ‘আমি কোনো অবৈধ কাজ করিনি। আমি কোনো অবৈধ কিছু দেখিনি।’
তিনি আরও যোগ করেন, স্পষ্ট করে বলছি, ‘আমি কখনোই ভুক্তভোগীদের সঙ্গে সময় কাটাইনি এমনকি এপস্টেইনের আশপাশে থাকা নারীদের সঙ্গেও নয়।’
প্রকাশিত নথির মধ্যে এমন কিছু ছবিও রয়েছে যেখানে গেটসকে কয়েকজন নারীর সঙ্গে দেখা যায় যদিও ছবিগুলোতে মেয়েদের মুখ আড়াল করা ছিল। বিল গেটস তার কর্মীদের জানান, ছবিগুলোতে থাকা নারীরা এপস্টেইনের সহকারী ছিলেন এবং বৈঠকের পর এপস্টেইনের অনুরোধে তিনি সেসব ছবির জন্য পোজ দিয়েছিলেন।