মাগুরার মহম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অফিস উদ্বোধন করা হয়েছে। উপজেলার বিনোদপুর ইউনিয়নের খালিয়া বাজারে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই অফিস উদ্বোধন করা হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, বুধবার সন্ধ্যার পর খালিয়া বাজারে স্থানীয় যুবলীগ নেতা শামীম মিয়ার নেতৃত্বে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করার খবর পেয়ে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। অফিস তালাবদ্ধ রেখে তারা সবাই পালিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাদের গ্রেপ্তারের জন্য রাতে অভিযান চালানো হয়েছে।
বুধবার রাতেই শামীম মিয়া তার ফেসবুক আইডিতে আওয়ামী লীগের অফিস উদ্বোধনের ভিডিও এবং ছবি পোস্ট করায় সেটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
খালিয়া গ্রামের যুবদল নেতা শামীম হোসেন বলেন, যুবলীগ নেতা ও মহম্মদপুর থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি শামীম মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহাদ হত্যা মামলায় জেল থেকে মুক্তি পেয়ে হঠাৎ করে এলাকায় এসে কিছু লোকজন জড়ো করে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করেছেন। এ ঘটনায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।