ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় এক কমিউনিটি হেলথ সেন্টারের সামনে এক তরুণী নার্সকে গুলি করে হত্যা করা হয়েছে। জনবহুল এলাকায় থানা থেকে কিছুটা দূরে এই ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। পুলিশ ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছে এবং অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মধ্যপ্রদেশের সাগর জেলার শাহগড় এলাকায় বুধবার রাতে ওই নারী স্টাফ নার্সকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। নিহত ওই নার্সের নাম দীপশিখা চাধার (২৫)। তিনি শাহগড় কমিউনিটি হেলথ সেন্টারে স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নাইট শিফটে যোগ দেয়ার ঠিক আগে তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রাথমিক তথ্যে জানা গেছে, দীপশিখা হাসপাতালের মূল প্রবেশপথে দাঁড়িয়ে দায়িত্ব শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন দীপশিখা চাধার। এ সময় এক অজ্ঞাত যুবক হঠাৎ তার সামনে এসে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে, যার একটি তার পিঠে লাগে।
গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলি চালানোর পরপরই হামলাকারী পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মূলত ঘটনাস্থলটি প্রধান বাসস্ট্যান্ডের কাছাকাছি হওয়ায় রাতের সময়ও সেখানে লোকজন চলাচল করে। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, খবর পেয়ে শাহগড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ এলাকা ঘিরে রেখে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে ফরেনসিক আলামত সংগ্রহ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তি জব্বলপুর জেলার কাটাঙ্গি পাটান এলাকার বাসিন্দা হতে পারেন। তিনি শাহগড়ে এক বন্ধুর সঙ্গে থাকতেন। দীপশিখাও গত দুই বছর ধরে একই এলাকায় বসবাস করছিলেন এবং দুজনের মধ্যে পরিচয় ছিল বলে জানা গেছে।
সূত্র আরও জানায়, অভিযুক্ত যুবক দীপশিখাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। তিনি রাজি না হওয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছানো হবে না এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর হামলাকারী নিকটবর্তী একটি বনাঞ্চলের দিকে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। একাধিক পুলিশ দল গঠন করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। শাহগড় শহর ঘিরে রাখা হয়েছে। পাশের ছত্তরপুর জেলার সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে অভিযুক্ত পালাতে না পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব কুমার উয়েকে বলেন, ‘দীপশিখা নামের এক স্টাফ নার্স রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত দায়িত্ব পালনের জন্য আসছিলেন। এক অজ্ঞাত ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। একাধিক দল গঠন করে অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।’
শীর্ষনিউজ