ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী লীগের কর্মী-সমর্থক, চিহ্নিত সন্ত্রাসী কিংবা নাশকতার মামলার আসামিদের থানা থেকে ছাড়ানোর জন্য তদবির অথবা যেকোনো ধরনের সহযোগিতা করার প্রমাণ পাওয়া গেলেই জড়িতদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে বিএনপি।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী মো. মিজানুর রহমান মিজানের সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপি এ কথা জানিয়েছে। এর আগে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়া, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ছাড়িয়ে আনতে তদবির কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা করলে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল বিএনপি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পদ-পদবি বা রাজনৈতিক প্রভাব বিবেচনা না করেই সংশ্লিষ্ট ব্যক্তিদের দল থেকে বহিষ্কার করা হতে পারে। সম্প্রতি কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা ও নাশকতার আশঙ্কার মধ্যে দলীয় শৃঙ্খলা রক্ষায় এমন অবস্থান নিয়েছে দলটি।
বিএনপি নেতারা জানান, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও জনআস্থা অটুট রাখতে দলের নেতাকর্মীদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে। ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী লীগের কর্মী-সমর্থক, চিহ্নিত সন্ত্রাসী কিংবা নাশকতার মামলার আসামিদের থানা থেকে ছাড়ানোর জন্য তদবির অথবা যেকোনো ধরনের সহযোগিতা করার প্রমাণ পাওয়া গেলেই জড়িতদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে বিএনপি। মূলত আগামী ডিসেম্বর মাসে পতিত ফ্যাসিবাদী সরকারপ্রধানের দেশে ফেরার ঘোষণা ঘিরে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে এবং সংগঠনের ভাবমর্যাদা রক্ষায় বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় দলটির হাইকমান্ড।
বিএনপির একাধিক যুগ্ম মহাসচিব জানান, আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীর সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে। দলীয় পরিচয় বা পদ ব্যবহার করে তাঁদের সহযোগিতা করলে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির একটি সূত্র জানায়, স্থানীয় পর্যায়ে ক্ষমতাসীন দলের কিছু নেতা আওয়ামী লীগ নেতাকর্মীদের সহযোগিতা করছেন—এমন বেশ কিছু অভিযোগ কেন্দ্রে এসেছে। অভিযোগে বলা হয়েছে, কিছু অসাধু ব্যক্তি আর্থিক বা অন্য কোনো সুবিধার বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছেন। কেউ কেউ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ছাড়িয়ে আনতে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তদবিরও করছেন। এসব অভিযোগ যাচাই-বাছাই করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দলের নেতারা মনে করছেন, কেউ বিএনপির পরিচয় ব্যবহার করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা করলে তা দলীয় শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগকেও প্রশ্নবিদ্ধ করতে পারে।
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপির কেউ সহযোগিতা করছেন—এমন অভিযোগ পেলে গুরুত্বের সঙ্গে দেখা হবে। দলের কেউ তাঁদের আশ্রয় দিলে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ছাড়ানোর জন্য তদবির করলে কিংবা অন্য কোনোভাবে সহায়তা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বহিষ্কারও করা হতে পারে। এ বিষয়ে তৃণমূল পর্যায়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন যুগ্ম মহাসচিব বলেন, কেউ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তায় জড়িত থাকলে দল তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে। সংঘাত না বাড়িয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, ডিসেম্বর সামনে রেখে আওয়ামী লীগের সম্ভাব্য সাংগঠনিক তৎপরতা নিয়ে বিএনপির মধ্যে উদ্বেগ রয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীরা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা করছেন দলটির নেতারা। এ পরিস্থিতিতে সন্দেহজনক তৎপরতার তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কেন্দ্রীয় নেতাদের জানাতে স্থানীয় ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশাল জেলা বিএনপির এক নেতা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহায়তা করলেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে—এমন নির্দেশনা তাঁরা প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছেন। তাই কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের সঙ্গে বিএনপির কারও যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।