Image description

সার্বভৌমত্ব লঙ্ঘন ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে সোমালিয়া। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে সোমালিয়া ত্যাগ করতে বলা হয়েছে। একই সঙ্গে আবুধাবি থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করেছে দেশটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সোমালিয়ার পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। দেশটির কর্মকর্তারা সংযুক্ত আরব আমিরাতের কর্মকাণ্ডকে সোমালিয়ার সার্বভৌমত্বের ওপর ‘প্রকাশ্য আগ্রাসন’ বলে আখ্যা দিয়েছেন।

সোমালিয়ার তথ্যমন্ত্রী আবদিফাতাহ কাসিম মোহামুদ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে বলেন, আমিরাতের আগ্রাসনে সহযোগিতা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভূখণ্ড ও ঐক্য রক্ষায় সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

 

 

 

তবে রাষ্ট্রদূতকে বহিষ্কারের পেছনে নির্দিষ্ট কোনো ঘটনার কথা জানাননি তথ্যমন্ত্রী। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ অভিযোগ করেন, দেশটির আঞ্চলিক সরকারগুলোকে অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় উসকানি দিচ্ছে আমিরাত।

সোমালিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়াই আঞ্চলিক প্রশাসনগুলোর সঙ্গে বারবেরা, বোসাসো ও কিসমায়ো বন্দরের বিষয়ে চুক্তি করেছে আবুধাবি। এ ছাড়া জাতীয় সামরিক কমান্ডের বাইরে সামরিক ঘাঁটি ও বাহিনী গড়ে তুলতে আমিরাত সহায়তা দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সোমালিয়ার সেনাবাহিনী যখন আল-শাবাবের বিরুদ্ধে লড়াই করছে, তখন আমিরাতের এসব তৎপরতা দেশটির অভ্যন্তরীণ বিরোধ আরও বাড়িয়ে তুলছে বলে অভিযোগ প্রেসিডেন্টের।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য ক্ষুণ্ন করার অভিযোগে আমিরাতের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল করে সোমালিয়া। এর মধ্যে বন্দর, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাসংক্রান্ত চুক্তিও ছিল।