Image description

ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রথম সুযোগ পেয়েছেন বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। তিনি দ্রুত একটি বৃহত্তর জোট সরকার গঠনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তবে সদ্য শেষ হওয়া নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তার ক্ষমতায় যাওয়ার পথ এখনো অনিশ্চিত।

গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর শনিবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। রোববার প্রেসিডেন্টের বাসভবনে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ দায়িত্ব তুলে দেওয়া হয়। এ জন্য তিনি ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে সময় আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।

আইজেনকোট বলেন, ইসরায়েল এখন জরুরি অবস্থার মধ্যে রয়েছে। দেশটি এমন এক পরিস্থিতির দিকে যাচ্ছে, যেখান থেকে ফিরে আসা কঠিন হতে পারে। এ অবস্থায় জাতীয় ঐক্যের ভিত্তিতে জরুরি সরকার গঠন করা প্রয়োজন।

সরকার গঠনে আইজেনকোটের সামনে তিনটি পথ রয়েছে। আরব দলগুলোর সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠন, কট্টর ইহুদি ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট করা অথবা বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন। তবে প্রতিটি পথেই বড় রাজনৈতিক বাধা রয়েছে।

আইজেনকোটের জোটে যোগ দিতে হলে দলগুলোকে ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি সবার জন্য সামরিক বা জাতীয় সেবা বাধ্যতামূলক করা এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের সামরিক ও শাসনক্ষমতা ধ্বংসের অঙ্গীকার করতে হবে।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর লিকুদ পার্টি পেয়েছে ২৭টি আসন। তবে তার ধর্মীয় ও জাতীয়তাবাদী জোটের মোট আসন ৫৩টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।

অন্যদিকে আইজেনকোটের ইয়াশার পার্টি পেয়েছে ২১টি আসন। তার নেতৃত্বাধীন চার দলের জোটের আসন ৪৮টি। আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দুটি দল পেয়েছে ১৯টি আসন।

নেতানিয়াহু সব ইহুদিবাদী দলকে নিয়ে ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তবে আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনের বিরোধিতা করেছেন তিনি। ইসরায়েলের জনসংখ্যার প্রায় ২১ শতাংশ আরব।

এদিকে বিরোধী নেতা আভিগদর লিবারম্যান নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার কিংবা আরব দলগুলোর সমর্থননির্ভর সংখ্যালঘু সরকার দুটোরই বিরোধিতা করেছেন। তবে কট্টর ইহুদি ধর্মীয় দলগুলো সামরিক বাহিনীতে তাদের সদস্যদের সেবা নিশ্চিত করার আইন মেনে নিলে তাদের সঙ্গে কাজ করার বিষয়ে নমনীয় অবস্থান নিয়েছেন তিনি।

আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে নেতানিয়াহু দ্বিতীয়বারের মতো এ সুযোগ পেতে পারেন। তিনিও ব্যর্থ হলে ইসরায়েলে নতুন নির্বাচন হতে পারে।

সূত্র: রয়টার্স