Image description

এই প্রথমবারের মতো ইরান শুধু অস্ত্র উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের দাবিই করছে না, বরং আন্তর্জাতিক বাজারে অস্ত্র রপ্তানির কথাও জোরালোভাবে তুলে ধরছে দেশটি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি দেশটির সামরিক সক্ষমতা নিয়ে এক দীর্ঘ সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি দাবি করেন, উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র উৎপাদনে ইরান শুধু স্বয়ংসম্পূর্ণতাই অর্জন করেনি, বরং আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের অস্ত্রব্যবস্থার অন্যতম প্রধান রপ্তানিকারক দেশেও পরিণত হয়েছে।

মোহেব্বির দাবি, ইরানের সশস্ত্র বাহিনী ও আইআরজিসি যুক্তরাষ্ট্রের ২৬০টিরও বেশি সামরিক বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এসব বিমানের মধ্যে এফ-১৬, এফ-৩৫ ও এফ-১৮ যুদ্ধবিমানও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সামরিক সক্ষমতা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ইরানের হাতে বর্তমানে এমন সব সামরিক প্রযুক্তি ও সক্ষমতা রয়েছে, যা আগে কখনো প্রকাশ্যে এভাবে তুলে ধরা হয়নি।

মোহেব্বি আরও দাবি করেন, ইরানের অ্যারোস্পেস ফোর্স যুক্তরাষ্ট্রের এফএডি ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে অকার্যকর করে দিতে সক্ষম হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে ফিরে আসে, তাহলে তাদের চরম মূল্য দিতে হবে।

 

সূত্র: আলজাজিরা