কানাডার সংগীতশিল্পী নিল ইয়ংয়ের ‘রকিন ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড’ গানটি নির্বাচনি প্রচারে ব্যবহার করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১২৪ কোটি টাকার মামলা করা হয়েছে। মঙ্গলবার তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ট্রাম্পের একটি নির্বাচনি সমাবেশে গানটি বাজানো হয়। এ ঘটনায় ট্রাম্প এবং তার নির্বাচনি সমাবেশ আয়োজনের দায়িত্বে থাকা ‘ট্রাম্প ৪৭’ কমিটির বিরুদ্ধে মামলা করেছেন নিল ইয়ং। মামলায় ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি ডলার দাবি করেছেন এই সংগীতশিল্পী। মামলার নথিতে গানটিকে মার্কিন রাজনৈতিক বক্তব্যের ফাঁকা প্রতিশ্রুতির সঙ্গে দরিদ্র, গৃহহীন ও উপেক্ষিত মানুষের কঠিন বাস্তবতার তুলনা করা একটি প্রতিবাদী সংগীত হিসেবে বর্ণনা করা হয়েছে। নথিতে আরও বলা হয়েছে, গানটির বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত অবস্থানের সম্পূর্ণ বিপরীত। নিল ইয়ংয়ের দাবি, নির্বাচনি প্রচারে গানটি আর ব্যবহার করবেন না বলে ট্রাম্প তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি তিনি। এর আগেও ২০২০ সালে নির্বাচনি প্রচারে একই গান ব্যবহারের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছিলেন ইয়ং। তবে পরে তিনি সেই মামলা প্রত্যাহার করে নেন।