Image description

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পর দেশটির কট্টর ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারোর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাচ্ছেন বলে খবর প্রকাশিত হয়েছে। তবে তিনি ঠিক কোথায় রয়েছেন, তা নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আর্জেন্টিনা হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে, তার অবস্থান নিশ্চিত করতে আর্জেন্টিনার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে ব্রাজিলের ফেডারেল পুলিশ।

সংবাদমাধ্যম মেট্রোপোলেস বলেছে, বলসোনারো পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিদের বরাত দিয়ে তারা জানতে পেরেছে, ফ্লাভিও যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন। তবে বিমানটি কোথা থেকে ছেড়েছে, তা স্পষ্ট করা হয়নি। তার ঘনিষ্ঠ সহযোগীদের দাবি, মঙ্গলবার বিকেলে তার ফ্লোরিডায় পৌঁছানোর কথা ছিল। সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনাও রয়েছে তার। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ব্রাজিলের সংবাদপত্র ফোলহা দে সাও পাওলোও বলসোনারোর ঘনিষ্ঠ সহযোগীদের বরাত দিয়ে জানিয়েছে, তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়েছে, বলসোনারো পরিবারের ঘনিষ্ঠ এক আইনজীবী তার দেশত্যাগের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে সহায়তা করেছেন। কয়েক ঘণ্টার মধ্যে তার বিমান অবতরণের কথা ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, সিএনএন ব্রাজিল জানিয়েছে, মঙ্গলবার ভোরে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন ফ্লাভিও বলসোনারো।

নির্বাচনে লুলার কাছে পরাজিত হওয়ার পর ফ্লাভিও বলসোনারোকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে লুলার দল ওয়ার্কার্স পার্টির (পিটি) আইনপ্রণেতারা। তারা সুপ্রিম কোর্টের কাছে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার আবেদন করেছেন। একই সঙ্গে তার নাম ইন্টারপোলের রেড নোটিশ তালিকায় অন্তর্ভুক্ত করারও দাবি জানিয়েছেন তারা।