যুক্তরাজ্যে সামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা বাড়াচ্ছে ইরান। এমন সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫-এর প্রধান কেন ম্যাককালাম।
সোমবার এক বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, গত মাসে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার একটি কথিত ষড়যন্ত্রের পেছনে ইরানের জড়িত থাকার সম্ভাবনা ‘প্রায় নিশ্চিত’। ওই ঘাঁটি ব্যবহার করে মার্কিন বোমারু বিমান ইরানে হামলা চালিয়েছিল।
যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের হুমকি নিয়ে বার্ষিক বক্তব্যে এমআই৫-এর মহাপরিচালক কেন ম্যাককালাম বলেন, ফেয়ারফোর্ডের ঘটনাটি নিয়ে তদন্ত চলায় এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে চলতি বছরে সামরিক স্থাপনার মতো কঠিন লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে ইরানের উচ্চাকাঙ্ক্ষায় বড় ধরনের পরিবর্তন দেখা গেছে।
তিনি বলেন, ফেয়ারফোর্ডের ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। যুক্তরাজ্যের বাইরেও বিশ্বের বিভিন্ন স্থানে এ ধরনের আরও ঘটনা ঘটেছে।
তবে ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো প্রকাশ করা হয়নি।
সূত্র: আল-জাজিরা