ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া স্থগিত রাখা এবং নির্বাচন কমিশনের পূর্ণ স্বাধীনতার দাবিতে দেশব্যাপী আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
শুক্রবার বিকাল ৪টায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ পার্কের ৬ নম্বর গেটের সামনে থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হবে। বৃহস্পতিবার মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অক্টোবর মাসজুড়ে দেশের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক বিক্ষোভ ও জনসংযোগ কর্মসূচি চালানো হবে।পরবর্তীতে নয়াদিল্লির যন্তর মন্তরে চূড়ান্ত সমাবেশের মাধ্যমে এই দেশব্যাপী আন্দোলনের সমাপ্তি ঘটবে।
সংবাদ সম্মেলনে সিজেপির জাতীয় আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বর্তমান নির্বাচনী ব্যবস্থার তীব্র সমালোচনা করে বলেন, গণতন্ত্রে জনগণ সরকার নির্বাচন করে, কিন্তু বর্তমানে সরকারই ঠিক করছে কারা ভোটার হবে। এই পরিস্থিতিতে নির্বাচনী ব্যবস্থার ওপর আর কোনো আস্থা অবশিষ্ট নেই বলেও তিনি মন্তব্য করেন।
দলের পক্ষ থেকে মূলত তিনটি দাবি পেশ করা হয়েছে। প্রথমত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও অপসারণের পাশাপাশি তার বিরুদ্ধে তদন্ত এবং ফৌজদারি পদক্ষেপ গ্রহণ করা। দ্বিতীয়ত, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের কাজ অবিলম্বে স্থগিত রেখে ২০২৫ সালের ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন পরিচালনা করা। তৃতীয়ত, নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে নির্বাচন কমিশনার নিয়োগের একটি সম্পূর্ণ স্বাধীন ও স্বচ্ছ কাঠামো গড়ে তোলা।
অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বা সহযোগিতার সম্ভাবনা উড়িয়ে দিয়ে দীপকে স্পষ্ট জানান, তারা একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে এই আন্দোলনকে সম্পূর্ণ স্বাধীন রাখতে চান এবং কোনো রাজনৈতিক দলের সাহায্য তারা নেবেন না।
সংবাদ সম্মেলনে দলের সর্বভারতীয় দায়িত্বপ্রাপ্ত নেতা অজিঙ্ক্য শিন্দে, জাতীয় সম্পাদক আফরিন নওয়াজ এবং জাতীয় মুখপাত্র মেহর উপস্থিত ছিলেন।