Image description
মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে তেহরান ও আবুধাবির মধ্যে বিভেদ তৈরি হলেও, দুই দেশের মধ্যে কূটনৈতিক অগ্রগতির বড় ইঙ্গিত দিয়ে ইরানের প্রেসিডেন্ট রোববার (১৩ সেপ্টেম্বর) বলেছেন, তারা এই সংঘাতের বিষয়টি পেছনে ফেলে ‘নতুন করে শুরু করতে’ চান।
 
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, ‘আবুধাবির ক্রাউন প্রিন্সের সঙ্গে আমাদের গঠনমূলক আলোচনা হয়েছে।’ ভারতে ব্রিকস সম্মেলনের ফাঁকে শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের একদিন পর তিনি এ কথা বলেন।
 
তিনি আরও বলেন, ‘আমরা এই অধ্যায় পেছনে ফেলে ভবিষ্যতের দিকে তাকাব এবং একসঙ্গে সেই ভবিষ্যৎ গড়ে তুলব—এ বিষয়ে আমরা একমত হয়েছি।’
 
শনিবার (১২ সেপ্টেম্বর) ইরান ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের মধ্যে যে বৈঠক হয়েছে, তা ছিল সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। এর আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরান সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।