Image description
অভিনয় শিখতে চাইছেন? এবার সুযোগ সরাসরি মোশাররফ করিমের কাছ থেকে! মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র কিংবা ওটিটি দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে দর্শককে মুগ্ধ করা এই অভিনেতা এবার নিজের অভিজ্ঞতার ঝুলি খুলবেন নতুনদের সামনে।
 
আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে দিনব্যাপী অভিনয় কর্মশালা। ‘আর্ট অব অ্যাকটিং’ শিরোনামের মাস্টারক্লাসে অভিনয়ের নানা খুঁটিনাটি নিয়ে কথা বলবেন মোশাররফ করিম। আয়োজন করছে একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালস।
 
কর্মশালাটি হবে দুটি পর্বে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম পর্বে থাকবে ‘থিওরি অব অ্যাকটিং’। এতে নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ইউসুফ হাসান অর্ক অভিনয় ও পারফরম্যান্সের মানসিক-শারীরিক প্রস্তুতি, স্বাভাবিক ও শৈলীকৃত অভিনয়পদ্ধতি, চরিত্র নির্মাণ, টেম্পো, রিদম, শারীরিক অভিব্যক্তি এবং অভিনয়ে সংগীতময়তার ভূমিকা নিয়ে আলোচনা করবেন।
 
এরপর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে মোশাররফ করিমের মাস্টারক্লাস ‘আর্ট অব অ্যাকটিং’। নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে তিনি তুলে ধরবেন চরিত্রের জন্য মানসিক প্রস্তুতি, চরিত্র বোঝা ও চরিত্রের ভেতরে প্রবেশের কৌশল।
 
শুধু চরিত্রে অভিনয় নয়, আবেগকে কীভাবে বিশ্বাসযোগ্য অভিনয়ে রূপ দিতে হয়, পরিচালকের নির্দেশনা বুঝে নিজের অভিনয়ের সঙ্গে তা কীভাবে সমন্বয় করতে হয় এসব বিষয়েও কথা বলবেন তিনি। পাশাপাশি পেশাদার অভিনেতা হিসেবে ক্যারিয়ার গড়ার পথ নিয়েও নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন।
 
আয়োজকদের তথ্য অনুযায়ী, কর্মশালায় সর্বোচ্চ ৫০ জন অংশ নেয়ার সুযোগ পাবেন। অংশ নিতে নির্ধারিত ফরমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে আয়োজক প্রতিষ্ঠানের ফেসবুক পেজে।
 
অর্থাৎ অভিনয়ের জগতে পা রাখতে চাওয়া কিংবা নিজের অভিনয়কে আরও শাণিত করতে চাওয়া তরুণদের সামনে এবার সুযোগটা বেশ বড় গুরু মোশাররফ করিম, আর সামনে একদিনের অভিনয়ের পাঠশালা।