Image description

ইরানের ইসলামি প্রজাতন্ত্র শিগগিরই পতনের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে সামরিক হামলা শুরু করার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইসরাইলি সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, ইরান বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় দুর্বল অবস্থায় রয়েছে। দেশটির সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই করছে।তিনি বলেন, ‘এই সরকার এখন টলমল অবস্থায় রয়েছে। এটি আগের যেকোনো সময়ের চেয়ে দুর্বল। তারা নিজেদের টিকে থাকার জন্য লড়াই করছে। ’

ইরানের হুমকি স্থায়ীভাবে দূর করার পাশাপাশি দেশটির বর্তমান সরকারকে উৎখাত করাকে ইসরাইলের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন নেতানিয়াহু।

তার দাবি, এই লক্ষ্য অর্জন এখন আর অসম্ভব নয়; বরং তা অনেকটাই হাতের নাগালে।

দীর্ঘদিন ধরে ইরানের ইসলামি সরকারকে ইসরাইলের অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে তুলে ধরে আসছেন নেতানিয়াহু। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানে সামরিক অভিযান শুরু করে ইসরাইল। পরে এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।তবে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আবারও সামরিক হামলা চালানোর পাশাপাশি অর্থনৈতিক চাপ বাড়িয়েছে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশাপাশি জর্ডান ও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলেও হামলা চালিয়েছে। তবে ইসরাইলে কোনো হামলা চালায়নি।

ইরান ইসরাইলে হামলা না করার বিষয়টি কাকতালীয় নয় দাবি করে নেতানিয়াহু বলেন, ‘তারা সবাইকে আক্রমণ করছে, কিন্তু আমাদের নয়। তারা আমাদের শক্তি, অস্ত্রের ক্ষমতা এবং আমাদের দৃঢ়তা সম্পর্কে জানে। ’

শীর্ষনিউজ