Image description

বাংলা সিনেমার মহানায়ক বলা হয় কিংবদন্তি অভিনেতা উত্তমকুমারকে। তাকে ঘিরে বাঙালির আবেগ ও ভালোবাসা এখনো অটুট। সেই পঞ্চাশের দশক থেকে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখা এ তারকা মৃত্যুর চার দশক পরও বেঁচে আছেন কোটি মানুষের হৃদয়ে। এমন গুণি অভিনেতার জন্মশতবর্ষে এপার-ওপার দুই বাংলার তারকারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এবার তাকে শ্রদ্ধা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

 

 

মহানায়কের জন্মশতবার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দিয়েছেন এ অভিনেত্রী। যেখানে নায়কের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তাকে প্রকৃত অর্থে একজন ‘আইকন’ হিসেবে উল্লেখ করেছেন জয়া। তিনি লিখেছেন, ‘‘আইকন’ শব্দটির যদি কোনো সার্থক বাংলা প্রতিশব্দ খুঁজতে হয়, তবে সেই শব্দ বা নামটি অবশ্যই উত্তমকুমার।’

মৃত্যুর চার দশক পরও কোটি হৃদয়ে বেঁচে আছেন উত্তমকুমার

মৃত্যুর চার দশক পরও কোটি হৃদয়ে বেঁচে আছেন উত্তমকুমার

এ তারকা লিখেছেন, ‘একশ বছর পরও বাংলা সিনেমায় তার মতো উজ্জ্বল সর্বগ্রাসী উপস্থিতি নজিরবিহীন। তিনি শুধু একজন অভিনেতা বা নায়ক ছিলেন না—একজন শিল্পীর যে বহুমাত্রিক সত্তা, তারই এক অনন্য সমন্বয় তার ব্যক্তিত্বে। পর্দায় তার অভিনয় যেমন দর্শককে মুগ্ধ করেছে, পর্দার বাইরেও তার ব্যক্তিত্ব তৈরি করেছে এক স্বতন্ত্র সাংস্কৃতিক অভিঘাত।’

দর্শকের কাছে উত্তমকুমার ছিলেন একজন আইকনিক তারকা

দর্শকের কাছে উত্তমকুমার ছিলেন একজন আইকনিক তারকা

তবে শুধু জনপ্রিয়তা দিয়ে মহানায়কের প্রভাব যে ব্যাখ্যা করা সম্ভব নয়, সেটিও জানিয়েছেন জয়া। এ ব্যাপারে তিনি লিখেছেন, ‘জনপ্রিয়তা তাকে মহানায়ক করেছে—কিন্তু শুধু জনপ্রিয়তা তার পরিচয়ের সম্পূর্ণ ব্যাখ্যা নয়। তিনি বাঙালির মনের নায়ক; এমন এক প্রতীক, যার সঙ্গে বাঙালির পুরুষত্ব, ব্যক্তিত্ব, সৌন্দর্য এবং আত্মবিশ্বাসের একটি বিশেষ আবেগ আজও জড়িয়ে আছে।’

কিংবদন্তি এ অভিনেতার প্রভাব নিয়ে জয়া আরও লিখেছেন, ‘সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, বাংলা সিনেমার ভাষাও বদলেছে। কিন্তু উত্তমকুমার নির্মিত সেই মিথ এখনো অমলিন।’

সময়ের পরিবর্তনেও উত্তমকুমারের প্রতি ভালোবাসা কমেনি কোনো প্রজন্মের দর্শকদের। তাই তো তার জন্মশতবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় সবাই স্মরণ করছেন প্রিয় নায়ককে।

সময়ের পরিবর্তনেও উত্তমকুমারের প্রতি ভালোবাসা কমেনি কোনো প্রজন্মের দর্শকদের। তাই তো তার জন্মশতবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় সবাই স্মরণ করছেন প্রিয় নায়ককে।

আর সবশেষ উত্তমকুমারের জন্মশতবর্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘জন্মশতবর্ষে মহানায়ককে শ্রদ্ধা। ভালোবাসা ও নিরন্তর মুগ্ধতার এই ঋণ কখনো ফুরোনোর নয়।’

উল্লেখ্য, মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতায় নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে তাকে। এপার বাংলায় সোশ্যাল মিডিয়াতে তাকে স্মরণ করছেন সাধারণ দর্শক ও সিনেমা সংশ্লিষ্টরা।

জন্মগত নাম অরুণ কুমার চ্যাটার্জি হলেও সিনেমার মাধ্যমে হয়ে যান উত্তমকুমার

জন্মগত নাম অরুণ কুমার চ্যাটার্জি হলেও সিনেমার মাধ্যমে হয়ে যান উত্তমকুমার

প্রসঙ্গত, ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেয়া অরুণ কুমার চ্যাটার্জি পরবর্তীতে বাঙালির কাছে পরিচিত হন ‘মহানায়ক’ উত্তমকুমার নামে। ১৯৮০ সালের ২৪ জুলাই মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যু হয় তার।

জয়া আহসানের ফেসবুক পোস্টের স্ক্রিনশট

জয়া আহসানের ফেসবুক পোস্টের স্ক্রিনশট

উত্তমকুমার তিন দশকে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে তার বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ৩৫ জন অভিনেত্রী। ‘হারানো সুর’, ‘সপ্তপদী’, ‘নায়ক’, ‘চিড়িয়াখানা’, ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ‘গৃহদাহ’, ‘অমানুষ’ ও ‘আনন্দ আশ্রম’সহ বহু সিনেমায় তার অভিনয় এখনো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির মাইলফলক হিসেবে বিবেচিত হয়।