Image description

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন বুধবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের সমুদ্রে থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের বদলে জর্জ ওয়াশিংটনকে সেখানে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) মার্কিন সামরিক বাহিনী আজ এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএনের।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক মাধ্যম এক্সে জানায়, জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ গতকাল সেন্টকমের আওতাধীন এলাকায় পৌঁছেছে। এটি নির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনা করবে।

ইরানের সঙ্গে যুদ্ধের কারণে ইউএসএস আব্রাহাম লিংকন দীর্ঘ সময় সমুদ্রে মোতায়েন রয়েছে। দীর্ঘ এই মোতায়েনের কারণে জাহাজটির নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে আইনপ্রণেতা ও সামরিক সদস্যদের পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সিএনএনকে তিনজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, চলতি মাসের শুরুতে আব্রাহাম লিংকন থেকে একজন নাবিক সমুদ্রে পড়ে যান। এর পর জাহাজটির দীর্ঘ সময়ের মোতায়েন, জীবনযাত্রার পরিস্থিতি ও নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

গত সপ্তাহে এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানান, ৫ আগস্ট ভিয়েতনামে বন্দর সফর শেষে জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার গ্রুপটি মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়। দুই রণতরির এই পরিবর্তনের পরিকল্পনা আগেই করা হয়েছিল।

জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এখন যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরি থাকছে না।