পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গ্রেফতার ব্যক্তির নাম রানা রউফ ওরফে ওয়াহাব আলম। তার বাড়ি পাকিস্তানের ফয়সালাবাদে।
মঙ্গলবার (১১ আগস্ট) উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থেকে তাকে গ্রেফতার করেন এসটিএফের গোয়েন্দারা। বুধবার তাকে বারাসাত জেলা আদালতে তোলা হয়।
এসটিএফের ধারণা, রানা রউফের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের যোগাযোগ ছিল।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ভারতের সেনাবাহিনী, বিএসএফ, রেলসহ গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার বিভিন্ন তথ্য সংগ্রহ করে আইএসআইয়ের কাছে পাঠানোর দায়িত্ব ছিল তার। তবে এসব অভিযোগের বিষয় এখনো তদন্তাধীন।
তদন্তে জানা গেছে, রানা রউফ ২০১২ সাল থেকে নেপালে বসবাস করছিলেন। সম্প্রতি সীমান্ত পেরিয়ে তিনি পশ্চিমবঙ্গে প্রবেশ করেন।
এখানে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা ছিল তার। এ জন্য ‘ওয়াহাব’ নামে কলকাতার তপসিয়া এলাকার ঠিকানা ব্যবহার করে ভারতীয় পরিচয়ে ভুয়া নথি তৈরি করেছিলেন বলে অভিযোগ।
গ্রেফতারের পর তার কাছ থেকে পাওয়া নথিগুলো যাচাই করে ভুয়া বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তদন্তকারীরা।
তদন্তকারীদের ধারণা, সম্প্রতি বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন রানা রউফ। গ্রেফতার হওয়ার আশঙ্কা থেকেই তিনি দেশ ছাড়ার চেষ্টা করছিলেন। তবে তার আগেই এসটিএফের হাতে ধরা পড়েন।
জিজ্ঞাসাবাদে ভুয়া ভারতীয় নথি তৈরির একটি চক্রের সঙ্গেও তার যোগসূত্রের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা।
এদিকে, রানা রউফকে জিজ্ঞাসাবাদের পর কলকাতার তপসিয়া এলাকা থেকে আরও একজনকে গ্রেফতার করেছে এসটিএফ। তার নাম মো. এজাজ।
তদন্তকারীদের দাবি, রানা রউফকে ভারতীয় পরিচয়ের নথি তৈরি করে দেওয়া এবং স্থানীয়ভাবে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে এজাজের ভূমিকা ছিল।
তাকেও বুধবার বারাসাত জেলা আদালতে তোলা হয়।