Image description

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকে উপস্থিত থাকবেন দলটির শীর্ষ ও সিনিয়র নেতারা।

বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে কে হচ্ছেন দলের রাষ্ট্রপতি প্রার্থী, তা চূড়ান্ত করা হবে। এরপর দলের পক্ষ থেকে জমা দেওয়া হবে মনোনয়নপত্র।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া এই পদে নতুন রাষ্ট্রপতি বেছে নিতে জাতীয় সংসদের বিশেষ বৈঠক ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ ভোট অনুষ্ঠিত হবে।

 
 

এদিকে জানা গেছে, দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির প্রার্থী হচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই। দলের উচ্চপর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে এ-সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। ফলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মির্জা ফখরুলকে ঘিরেই বিএনপির সব প্রস্তুতি।

 
 

তবে তিনি দেশের নতুন রাষ্ট্রপতি হলে একই সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় শূন্যতা তৈরি হবে। সেগুলো হচ্ছে বিএনপি মহাসচিব পদ, স্থানীয় সরকার বিষয়কমন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য। ফলে কে হবেন তার উত্তরসূরি, এ নিয়ে চলছে নানা আলোচনা।