Image description

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। ধসে পড়েছে বেশ কিছু ভবন। এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকে।

সোমবার (১০ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে আজ স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পটি তীব্র আঘাত হানে।

ভূমিকম্পে বিধ্বস্ত বিভিন্ন ভবনের নিচে অনেক মানুষ আটকা পড়েছেন বলে শঙ্কা করা হচ্ছে। দ্রুত উদ্ধারকাজ চালাতে সর্বাত্মক চেষ্টা করছে উদ্ধারকারী দল। দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে কয়েক শ কিলোমিটার দূরে হলেও রাজধানী বোগোটা পর্যন্ত ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানেও মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী বোগোটা থেকে প্রায় ২৮০ কিলোমিটার পশ্চিমে, চোকো বিভাগের সান হোসে দেল পালমারে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের তীব্রতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় চোকো এলাকা। চোকো বিভাগের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা কুরি নিশ্চিত করেছেন, আঞ্চলিক রাজধানী কুইবদো-তে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং একাধিক ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে।

একইসঙ্গে তিনি সম্ভাব্য আফটারশক (পরবর্তী কম্পন) নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রচারিত ফুটেজে ধসে পড়া ভবনের অবশিষ্টাংশ ফুটপাতে পড়ে থাকতে এবং আতঙ্কে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা গেছে।

এদিকে দেশটির রাজধানী বোগোটাতেও কম্পনটি অত্যন্ত তীব্রভাবে অনুভূত হয়। জরুরি সতর্কবার্তা বাজানোর পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বহুতল ভবনগুলো থেকে বাসিন্দাদের দ্রুত রাস্তায় বের করে আনা হয়।