Image description

সাবেক মার্কিন মেরিন কোরের সদস্য ও পারস্য উপসাগরীয় যুদ্ধে অংশ নেওয়া প্রবীণ সেনা কেনেথ নিকোলস ও’কিফ বলেছেন, সামরিক জীবনের অভিজ্ঞতা তার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও মধ্যপ্রাচ্য সম্পর্কে দৃষ্টিভঙ্গি আমূল বদলে দিয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশটিকে দুর্বল করার পরিবর্তে আরো সহনশীল ও শক্তিশালী করেছে।

ও’কিফ অভিযোগ করেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন মানবিক বিপর্যয়কে আরো গভীর করছে। তার মতে, এ নীতি ওয়াশিংটনের আঞ্চলিক প্রভাবও ক্ষুণ্ন করছে। তার মতে, দখলদারিত্ব ও সংঘাতের বাস্তবতা থেকেই হামাস ও হিজবুল্লাহর উত্থান হয়েছে।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এখনো একমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার ধারণা আঁকড়ে আছে, যদিও আন্তর্জাতিক ব্যবস্থা ক্রমেই বহুমেরুকেন্দ্রিক হয়ে উঠছে। তার ভাষায়, কেবল সামরিক শক্তি প্রয়োগ করে কোনো আদর্শ বা জনভিত্তিক আন্দোলন নির্মূল করা সম্ভব নয়; এর পরিবর্তে কূটনৈতিক উদ্যোগই হতে পারে কার্যকর পথ।

ও’কিফের দাবি, ইরানের জনগণের সামাজিক সংহতি ও রাষ্ট্রের অভিযোজনক্ষমতাকে পশ্চিমা দেশগুলো যথাযথভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তিনি পশ্চিমা গণমাধ্যমের সমালোচনা করে বলেন, মধ্যপ্রাচ্যের জটিল বাস্তবতাকে প্রায়ই একপক্ষীয় ভাষ্য দিয়ে উপস্থাপন করা হয়, যা সামরিক হস্তক্ষেপকে বৈধতা দেওয়ার ক্ষেত্র তৈরি করে।

পশ্চিমা নীতিনির্ধারকদের উদ্দেশে ও’কিফ বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে ভয় ও আধিপত্যের দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে ইতিহাস, সংস্কৃতি ও মানবাধিকারের ভিত্তিতে নীতি নির্ধারণ করতে হবে। তার মতে, দখলদারিত্ব, বৈষম্য ও সার্বভৌমত্বসংক্রান্ত বিরোধের মতো সংঘাতের মূল কারণগুলোর সমাধান ছাড়া টেকসই শান্তি সম্ভব নয়।

 

সূত্র: তাসনিম