Image description

ইরানের পররাষ্ট্র ও রাজনৈতিক পরিস্থিতির উত্তেজনার মধ্যেই সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে ফোন করে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য যেকোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

টেলিফোন আলাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র কিংবা ইসরাইল যদি ইরানের ওপর কোনো ধরনের হামলা চালায়, তবে তার সুনিশ্চিত ও বলিষ্ঠ জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের যেসব আরব দেশ এ ধরনের আগ্রাসনে যুক্তরাষ্ট্র বা ইসরাইলকে সহায়তা করবে কিংবা অংশে নেবে, তাদেরও পাল্টা লক্ষ্যবস্তু করা হবে।

সম্প্রতি ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে দেশটির জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন খবর প্রকাশ পায়। ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গেও এ বিষয় নিয়ে জরুরি বৈঠক ও আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার তথ্য সামনে আসার পর থেকেই কড়া প্রতিক্রিয়া ও ধারাবাহিক সতর্কতা দিয়ে আসছে তেহরান। তাদের স্পষ্ট অবস্থান—ইরানের কোনো অবকাঠামো বা স্থাপনায় হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে মার্কিন সমর্থক দেশগুলোর অনুরূপ স্থাপনাগুলোতেও সমান শক্তিতে পাল্টা হামলা চালানো হবে।