Image description

কুমিল্লায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বছর ধরে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার দুপুরে তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মোয়াজ্জেম হোসেন (৩০) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কাজরা এলাকার তারা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের দাঙ্গা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যে মোয়াজ্জেমসহ কয়েকজন বন্দি কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায়। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানায় ১৯৯ জনকে আসামি করে মামলা দায়ের করে।

পলাতক আসামিদের গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে র‌্যাব-১১-এর একটি বিশেষ দল তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোয়াজ্জেম ঢাকার মতিঝিল থানার একটি হত্যা মামলার (নং-৯১(৩)০৫, ধারা ৩০২/৩৪, দণ্ডবিধি) মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বিচার শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। পরে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারাগার থেকে পালানোর পর গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।