Image description

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে ‘অবৈধ ও অনিরাপদ’ পথ দিয়ে যাওয়ার চেষ্টাকালে ছয়টি জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইরান। তেহরানের দাবি, নেভিগেশন ও ট্রান্সপন্ডার বন্ধ রেখে জাহাজগুলো ওই পথে চলাচলের চেষ্টা করছিল। সোমবার (২৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।

ইরান জানায়, সোমবার ভোরে হরমুজ প্রণালির দক্ষিণ অংশে অনুমোদিত নৌপথের বাইরে দিয়ে ছয়টি জাহাজ চলাচলের চেষ্টা করে। এ সময় একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে। বাকি পাঁচটি জাহাজকে ইরানের নিয়ন্ত্রণে পারস্য উপসাগরে ফিরে যেতে বাধ্য করা হয়।

আইআরজিসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে আইআরআইবি দাবি করেছে, মার্কিন বাহিনীর উসকানিতেই জাহাজগুলো ওই পথ ব্যবহার করার চেষ্টা করেছিল।

ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নির্ধারিত পথ স্পষ্টভাবে চিহ্নিত রয়েছে। অন্য পথগুলো বিপজ্জনক ও চলাচলের অনুপযোগী।

তবে জাহাজগুলোর পরিচয়, সেগুলো কোন দেশের পতাকাবাহী ছিল, ক্রুদের তথ্য কিংবা দুর্ঘটনার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আনাদোলু। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।