Image description

অধ্যুষিত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলা বন্ধে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

এক বিজ্ঞপ্তিতে ফিলিস্তিনি প্রেসিডেন্টের দপ্তর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

মাহমুদ আব্বাস কয়েকটি আরব ও ইউরোপীয় দেশের প্রধান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আরব লিগের মহাসচিব, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি এবং জাতিসংঘে ফিলিস্তিনের মিশনের কাছে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে প্রেসিডেন্ট আব্বাস উল্লেখ করেন, অধ্যুষিত ফিলিস্তিন ভূখণ্ডে বর্তমানে এক ‘বিপজ্জনক উত্তেজনা’ বিরাজ করছে। সহিংসতা এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই।

তিনি জানান, ইসরাইল সরকার এক পরিকল্পিত নীতি নিয়ে এগোচ্ছে। বসতি সম্প্রসারণ, সহিংসতা বৃদ্ধি এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুর্বল করার মাধ্যমে বাস্তবে নতুন পরিস্থিতি তৈরি করাই তাদের লক্ষ্য।

তবে এ পরিস্থিতির মধ্যেও মাহমুদ আব্বাস ‘দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে সর্বাত্মক শান্তিতে’ তার বিশ্বাস পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণকে আন্তর্জাতিক সুরক্ষা দেওয়া এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক সমাজের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

উল্লেখ্য, এই প্রস্তাবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপনকে অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছিল।