নাটোরের লালপুরে শিয়ালের আক্রমণ থেকে মুরগির খামার রক্ষায় জিআই তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন এক খামারি। শেষ পর্যন্ত সেই বিদ্যুৎসংযুক্ত তারের স্পর্শেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডহর এলাকায় পদ্মার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম (৩০) উপজেলার মোহরকয়া গ্রামের মো. আছান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জিয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে একটি মুরগির খামার পরিচালনা করছিলেন। সম্প্রতি খামারে শিয়ালের আক্রমণ বেড়ে যাওয়ায় তিনি চারপাশে জিআই তারের বেড়া নির্মাণ করে তাতে বিদ্যুৎ সংযোগ দেন, যাতে বন্য প্রাণী খামারে প্রবেশ করতে না পারে।
শনিবার সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই তিনি খামারে কাজ করতে যান। ধারণা করা হচ্ছে, কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎসংযুক্ত জিআই তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
সকাল আনুমানিক ৮টার দিকে তার মা জাহানারা বেগম খামারে গিয়ে ছেলেকে মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের ডাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
শীর্ষনিউজ