Image description

ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশে একটি শক্তিশালী মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ দাবি করেছে বলে জানায় তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি।

 

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার ভোরে দেশটির খোরমুজ এলাকার আকাশে আইআরজিসির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেটি ভূপাতিত হয়। 

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এক বিবৃতিতে বলেন, ‘সন্ত্রাসী মার্কিন বাহিনীর বিমান আগ্রাসনের’ জবাবে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট ড্রোনটিকে সফলভাবে গুলি করে নামিয়েছে।

তার দাবি, ভোরের ওই অভিযানের সময় ড্রোনটি ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল।  

এর আগে আইআরজিসি জানায়, তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।

ওই হামলার পরই দ্বিতীয় মার্কিন ড্রোনটি ভূপাতিত করার দাবি করা হয়।