Image description

সন্ত্রাসী নেটওয়ার্ক বিষ্ণোই গ্যাংসহ ভারতভিত্তিক তিনটি সংগঠিত অপরাধী চক্রের সঙ্গে জড়িত সন্দেহে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপ থেকে ২৪ জনকে গ্রেপ্তার করেছে ওয়াশিংটনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


তাদের বিরুদ্ধে ২০২৩ সালে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি মন্দিরের বাইরে আলোচিত শিখ নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যার পরিকল্পনাসহ ধারাবাহিক অপরাধের অভিযোগ আনা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, এই গ্রেপ্তার ভারতীয় অপরাধী সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে দীর্ঘ কয়েক বছরের তদন্তের ফলাফল, যারা বিশ্বজুড়ে পরিকল্পিত হত্যা, চাঁদাবাজি এবং মাদক পাচারের মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিল।

স্থানীয় সময় মঙ্গলবার তিনটি পৃথক অভিযোগপত্রে মোট ৩৭ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে।

মার্কিন ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি বিল এসাইলি এক বিবৃতিতে বলেছেন, যেসব আন্তর্জাতিক অপরাধী চক্র ভয়ভীতি, মাদক ও সহিংসতা ছড়ায় তাদের ফেডারেল সরকারের কঠোর ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

তিনি আরও যোগ করেছেন, এই দুষ্কৃতকারীদের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই।

উল্লেখ্য, ২০২৩ সালে ৪৫ বছর বয়সী নিজ্জর ভ্যাঙ্কুভার থেকে ৩০ কিমি পূর্বে সারে শহরের একটি গুরুদুয়ারার পার্কিংয়ে দুই মুখোশধারী বন্দুকধারীর গুলিতে নিহত হন। তিনি স্বাধীন শিখ রাষ্ট্র ‘খালিস্তান’ আন্দোলনের একজন বিশিষ্ট নেতা ছিলেন। প্রসিকিউটররা পাঞ্জাবের ৩৩ বছর বয়সী লরেন্স বিষ্ণোই এবং ৩২ বছর বয়সী সতিন্দরজিৎ ‘গোল্ডি ব্রার’ সিংকে নিজ্জর হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন। ব্রার বর্তমানে পলাতক থাকলেও বিষ্ণোই ২০১৫ সাল থেকে কারাগারে রয়েছেন।

২০২৪ এই হত্যাকাণ্ডে জড়িত চারজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, যারা বর্তমানে বিচারের অপেক্ষায় রয়েছেন। এছাড়া বিষ্ণোই গ্যাং ক্যালিফোর্নিয়ায় ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে সহিংসতা এবং একজনের কাছে ৫ মিলিয়ন ডলার চাঁদা দাবির অভিযোগে অভিযুক্ত হয়েছে।

তদন্ত চলাকালীন এফবিআই ও রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশসহ বিভিন্ন সংস্থা প্রায় ১০০০ কেজি কোকেন, ১ কেজি হেরোইন, ৪০ হাজার ডলার নগদ অর্থ এবং এক ডজন আগ্নেয়াস্ত্র জব্দ করেছে।

সূত্র : বিবিসি