রাজধানীর বনানী এলাকায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ট্রাফিক পুলিশ। পরে তাকে বনানী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে বনানী-কাকলী ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
গুলশান ট্রাফিক জোনের তথ্যমতে, নিয়মিত দায়িত্ব পালনকালে ‘চোর, চোর’ বলে চিৎকার শুনে ট্রাফিক সার্জেন্ট শাহীন মিয়া সঙ্গী ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বনানী থানার এএসআই মো. তরিকুলের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। ঘটনাটি নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।