জাতিসংঘের পুলিশ বিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কে যাওয়ার পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন ইসরাইলের উগ্র-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। স্থানীয় জনগণের বিক্ষোভের প্রস্তুতি এবং মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে তাকে ঘিরে মানবতাবিরোধী কর্মকান্ডের অভিযোগ তদন্ত ও গ্রেফতারের দাবির মুখে এই সিদ্ধান্ত নেন তিনি। এ খবর দিয়েছে আল জাজিরা।
ইসরাইলি সংবাদমাধ্যম হ্যারেজের জানায়, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ওই বৈশ্বিক সম্মেলনে বেন-গভিরের নেতৃত্বে একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দলের যাওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে দেশটির কর্মকর্তারা কোনো প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নেন। বেলজিয়ামভিত্তিক সংস্থা ‘হিন্দ রজব ফাউন্ডেশন’ মার্কিন বিচার বিভাগে বেন-গভিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এনে একটি ফৌজদারি অভিযোগ দাখিল করে। তারা গভির মার্কিন মাটিতে পা রাখামাত্রই তাকে গ্রেপ্তারের আহ্বান জানায়। এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বারের মতো বেন-গভিরের যুক্তরাষ্ট্র সফর বাতিল হলো।
এর আগে জুনের মাঝামাঝি সময়ে একটি ব্যক্তিগত পারিবারিক ছুটিতে যাওয়ার কথা থাকলেও মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সশরীরে হাজির হয়ে বায়োমেট্রিক আঙুলের ছাপ দেয়ার শর্ত আরোপ করায় ভিসা জটিলতায় সেই সফরটিও বাতিল করতে হয়েছিল।