Image description

বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর এনে দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। দীর্ঘদিনের চোট কাটিয়ে নেইমার এখন পুরোপুরি ফিট বলে জানিয়েছেন তিনি। তবে তারকা ফরোয়ার্ড ম্যাচের শুরু থেকেই খেলবেন কি না, সে বিষয়ে শেষ মুহূর্ত পর্যন্ত রহস্যই রেখে দিয়েছেন ইতালিয়ান এই কোচ। 

সোমবার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আনচেলত্তি জানান, নেইমার এখন শারীরিকভাবে পুরো ম্যাচ খেলার মতো অবস্থায় রয়েছেন। তবে তাকে শুরুর একাদশে রাখা হবে কি না, সেটি নির্ভর করবে ম্যাচের পরিস্থিতি ও দলের প্রয়োজনের ওপর।

আনচেলত্তি বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে খেলতে পারবে কি না। যখন আমি বুঝব যে দলের তাকে প্রয়োজন, তখন আমি তাকে মাঠে নামাব। তবে হ্যাঁ, সে ৯০ মিনিট খেলার জন্য ফিট।’

তিনি জানান, ডান পায়ের কাফ মাসলের ফোলাভাব থেকে পুরোপুরি সেরে উঠেছেন নেইমার। মে মাস থেকে এই সমস্যায় ভুগছিলেন ব্রাজিলের এই তারকা, যার কারণে সাম্প্রতিক সময়ে নিয়মিত খেলতে পারেননি।

জাপানের বিপক্ষে আগের ম্যাচে পুরো সময় বেঞ্চে বসে থাকতে হয়েছিল নেইমারকে। সেই পরিস্থিতি তিনি কীভাবে সামলাচ্ছেন, সেটিও তুলে ধরেন আনচেলত্তি।

ব্রাজিল কোচ বলেন, ‘সে এই পরিস্থিতিতে খুশি নয়, কিন্তু খুব ভালোভাবে আচরণ করছে। সে খুব ভালোভাবে অনুশীলন করছে। নেইমার খুবই শ্রদ্ধাশীল, দয়ালু এবং তার সতীর্থদের কাছে খুব প্রিয়। সে দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কারণ তার গুণ আছে এবং সে খুব বিনয়ী একজন মানুষ। আমি তাকে নিয়ে খুব খুশি। এবং, স্পষ্টতই, সে খেলতে চায়, যেমনটা সে সবসময়ই চেয়ে এসেছে। সে সরাসরি বলে না “আমি খেলতে চাই”, কিন্তু এটা বেশ স্পষ্ট। এবং এটাই ইতিবাচক। একজন খেলোয়াড় বেঞ্চে বসে খুশি থাকতে পারে না।’

নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন ব্রাজিল শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগালেও নরওয়েকে মোটেও সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না আনচেলত্তি। টানা তিন ম্যাচ জিতে শেষ ষোলোতে ওঠা ইউরোপের দলটিকে এই পর্বের অন্যতম কঠিন প্রতিপক্ষ বলেই মনে করছেন তিনি।

ম্যাচের কঠিনতা নিয়ে আনচেলত্তি বলেন, ‘কাপের এই পর্যায়ে সব ম্যাচই কঠিন। নকআউট পর্বে শুধু প্রযুক্তিগত ও কৌশলগত দিকই নয়, মানসিক দিকসহ আরও অনেক বিষয় প্রভাব ফেলে।’

বিশেষভাবে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের প্রশংসাও করেন ব্রাজিল কোচ। চার ম্যাচে ১০ গোল করা এই ফরোয়ার্ডকে বিশ্বের সেরাদের একজন হিসেবে উল্লেখ করেন তিনি।

আনচেলত্তি বলেন, ‘নরওয়ে একটি ভালো দল, তাদের ভালো খেলোয়াড় আছে। হালান্ড বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। এটা সবসময়ই কঠিন। কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে আমরা একটি ভালো ম্যাচ খেলব।’

এখন দেখার বিষয়, বিশ্বকাপের নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে আনচেলত্তি শুরু থেকেই নেইমারের অভিজ্ঞতার ওপর ভরসা করেন, নাকি ম্যাচের পরিস্থিতি বুঝে তাকে বদলি হিসেবে মাঠে নামান।