পুরো লেবানন পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির।
দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহতের খবরের পরপরই আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমনই প্রতিক্রিয়া জানান ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী।
বেন গাভির বলেছেন, ‘আমেরিকানদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি ইসরায়েলকে পুরো বিশ্বের কাছে এটি স্পষ্ট করে দিতে হবে, আমাদের সন্তানদের রক্ত এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা কোনো হেলাফেলার বস্তু নয়। পুরো লেবানন পুড়ে ছারখার হয়ে যাবে।’
দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দশ্যে তিনি বলেছেন, একজন ইসরায়েলি মায়ের প্রতি ফোঁটা চোখের জলের বদলে এক হাজার লেবাননি মাকে কাঁদতে হবে।
এই অঞ্চলে টিকে থাকতে হলে ‘উন্মাদের মতো আচরণ করতে হবে, সবকিছু নিশ্চিহ্ন ও গুঁড়িয়ে দিতে হবে’ বলেও মন্তব্য করেন ইসরায়েলের অতি ডানপন্থী এই মন্ত্রী।
এর আগে, এদিন সকালে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হন।
নিহত চার সেনার মধ্যে একজনের পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। তিনি ৩২ বছর বয়সী লেফটেন্যান্ট ডর গেদালিয়া বেন সিমহন।
গেদালিয়া ইসরায়েলি সামরিক বাহিনীর ৪১ নম্বর ব্রিগেডের অধীনস্থ ৫২ নম্বর ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ। পাল্টা প্রতিক্রিয়ায় দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে তেল আবিব।
তবে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে যুদ্ধবিরতি হলেও এখনো থেমে থেমে লেবাননে হিজবুল্লাহ ও আইডিএফের মধ্যে অব্যাহত রয়েছে হামলা-পাল্টা হামলা। এতে প্রতিদিনই আসছে মৃত্যুর খবর।
সূত্র : আলজাজিরা