নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত আট শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন নারী শ্রমিক রয়েছেন, যাদের একজন গর্ভবতী। দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকরা ঢাকা-পাগলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (১৯ জুন) সকালে ফতুল্লা মডেল থানাধীন পাগলা তালতলা এলাকার ঢাকা ব্যাংক ভবনের তৃতীয় তলায় অবস্থিত নির্ঝর নিটওয়্যার কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, কারখানা কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কারখানার উৎপাদন কার্যক্রম চলাকালে একটি হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়। এতে কাটিং ও ফিনিশিং সেকশনে কর্মরত শ্রমিকরা দগ্ধ ও আহত হন। বিস্ফোরণের শব্দে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়।
আহতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ শাহিন, জাকির হোসেন, সাবিনা বেগম, মঞ্জু মিয়া, আরফিন, হৃদয় ও খাদিজা। আহত আরেক শ্রমিকের নাম জানা যায়নি।

আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তারা সকলেই চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, আহতদের কেউই আশঙ্কাজনক অবস্থায় নেই।
দুর্ঘটনার পর শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আহত শ্রমিকদের যথাযথ চিকিৎসা, ক্ষতিপূরণ এবং কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে তারা ঢাকা-পাগলা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এ সময় উত্তেজিত কয়েকজন শ্রমিক কারখানার লাইনম্যান মোমিনের ওপর হামলা চালান বলেও অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দুপুর ১২টার দিকে সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে একাধিক শ্রমিক অভিযোগ করেছেন, বিস্ফোরিত বয়লারটিতে আগে থেকেই কারিগরি ত্রুটি ছিল। যথাযথ মেরামত ছাড়াই সেটি চালু রাখার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। নির্ঝর নিটওয়্যার কারখানাটিতে প্রায় ৪০০ শ্রমিক ও ৫০ জন স্টাফ কর্মরত রয়েছেন।