মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশটিতে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের স্থানীয় আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, কোনো ধরনের আইন লঙ্ঘনের ক্ষেত্রে সরকার কোনো আপস করবে না।
শুক্রবার (১২ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সম্প্রতি সেলাঙ্গর রাজ্যের হুলু লাঙ্গাত এলাকায় রোহিঙ্গাদের একটি অবৈধ বহুতল ভবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।
আনোয়ার ইব্রাহিম জানান, অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট পৌরসভা ও রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে তিনি একই সঙ্গে রোহিঙ্গা সংকটকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার কথা বলেন। তার মতে, নিজ দেশে ফেরত পাঠানো বা স্থায়ী সমাধানের ক্ষেত্রে এখনো নানা জটিলতা রয়েছে। মালয়েশিয়া সরকার দীর্ঘদিন ধরে প্রত্যাবাসন বা তৃতীয় দেশে পুনর্বাসনের চেষ্টা চালালেও স্থায়ী সমাধান আসেনি।
তিনি আরও জানান, মিয়ানমার কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। বাংলাদেশসহ পুরো অঞ্চলে রোহিঙ্গা সংকট একটি বড় মানবিক ইস্যু হিসেবে রয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।
শীর্ষনিউজ