Image description

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, বিশ্বের বহু স্থানে ইসরাইলকে অবৈধ বা নেতিবাচকভাবে দেখলেও ভারতে দেশটির প্রতি ব্যাপক সমর্থন রয়েছে। বৃহস্পতিবার পশ্চিম তীরের একটি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি ভারতকে ইসরাইলের বিশেষ বন্ধু হিসেবে উল্লেখ করেন।

 

নেতানিয়াহু বলেন, বিশ্বের অনেক জায়গায় আমরা বৈধতা সংকট বা ডেলিজিটিমাইজেশনের মুখে পড়ি, কিন্তু ভারতে নয়। ইসরাইলকে ভারত অন্ধভাবে সমর্থন করে। সত্যিই অন্ধভাবে ।

 

তিনি আরো বলেন, আমার মনে হয়, বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় ভারত থেকেই সবচেয়ে বেশি অনুসারী ইসরাইলের।

 

এর আগেও নেতানিয়াহু ভারতে নিজের জনপ্রিয়তা নিয়ে মন্তব্য করেছিলেন। ২০১৮ সালে স্ত্রী সারা নেতানিয়াহুকে নিয়ে ভারত সফরের স্মৃতিচারণ করে তিনি সেটিকে ‘লাভ ফেস্ট’ বা ভালোবাসার উৎসব বলে অভিহিত করেন। সে সময় তিনি দাবি করেছিলেন, ভারতীয়দের মধ্যে ইসরাইলের প্রতি ‘অসাধারণ শ্রদ্ধাবোধ’ রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ৬০ মিনিটস-এ দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, এখনও এমন কিছু জায়গা আছে, যেখানে ইসরাইলকে সম্মান করা হয়। ভারতের জনসংখ্যা ১৪০ কোটির বেশি এবং সেখানে ইসরাইল খুব জনপ্রিয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এখানে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছিল। আমিও স্ত্রীকে নিয়ে ভারতে গিয়েছিলাম, সেটি ছিল এক ধরনের ভালোবাসার উৎসব।

 

এদিকে সাম্প্রতিক জরিপে দেখা গেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ইসরাইলের জনপ্রিয়তা কমছে। পিউ রিসার্চ সেন্টারের এপ্রিল মাসে প্রকাশিত এক জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। গত বছর এ হার ছিল ৫৩ শতাংশ।

একই জরিপে দেখা যায়, বৈশ্বিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর আস্থা নেই বা খুব কম আস্থা রয়েছে এমন মত দিয়েছেন ৫৯ শতাংশ মার্কিন নাগরিক। গত বছর এই হার ছিল ৫২ শতাংশ।

 

নিজের জনপ্রিয়তা কমে যাওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন নেতানিয়াহু। একই সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, পাকিস্তান সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বট’ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী জনমত তৈরির চেষ্টা করছে।

 

তার ভাষায়, যেসব দেশ যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক দুর্বল করতে চায়, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বট ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে।

 

তিনি আরো বলেন, তারা এমন পোস্ট দেয় ‘আমি টেক্সাসের একজন প্রকৃত সমর্থক ছিলাম, কিন্তু এখন ইসরাইলকে সহ্য করতে পারি না।’ পরে দেখা যায়, পোস্টদাতা আসলে পাকিস্তানের কোনো বেসমেন্টে বসে থাকা একজন ব্যক্তি।

 

সূত্র: এনডিটিভি