ব্রাহ্মণবাড়িয়ায় একটি চলচ্চিত্র প্রদর্শনীতে বাধা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভীতি ও বিভ্রান্তিমূলক প্রচারণার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। সংগঠনটি বলছে, এতে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হয়েছে এবং এটি দেশের সাংস্কৃতিক স্বাধীনতার জন্য উদ্বেগজনক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি নির্মিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর একটি প্রদর্শনীর আয়োজন করে। ওই আয়োজনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ও ভীতি ছড়ায় এবং প্রদর্শনী বন্ধে চাপ সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ প্রদর্শনীর অনুমতি বাতিল করতে বাধ্য হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে চলচ্চিত্র প্রদর্শনীসহ সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার বিরুদ্ধে উগ্রবাদী গোষ্ঠীর অপপ্রচার ও বাধা দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। সংগঠনটির মতে, অতীতেও এ ধরনের চাপের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছিল, যা স্থানীয় সাংস্কৃতিক পরিসরে তৈরি করে দীর্ঘমেয়াদি শূন্যতা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কার্যক্রম তরুণদের সাংস্কৃতিক বিকাশকে বাধাগ্রস্ত করছে এবং এটি সাংস্কৃতিক স্বাধীনতার ওপর আঘাত। বর্তমান পরিস্থিতিতেও ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পূর্ণ সংহতি প্রকাশ করেছে তারা।
সংগঠনটি স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলছে, ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের নিরাপদ ও নির্বিঘ্ন প্রদর্শনের জন্য দ্রুত বিকল্প ভেন্যু ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টিকারীদের জবাবদিহির আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।
সবশেষে দেশের সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং তরুণদের এই পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।