Image description

ডেঙ্গু প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দায়িত্বে ব্যর্থতার কারণে তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্ধারণ করা হয়েছে ৪৮ ঘণ্টার সময়সীমা।

এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

শুক্রবার কোরবানির পশু বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী। এ সময় বর্জ্য অপসারণে ধীরগতি ও সড়কে ময়লা পড়ে থাকার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরের পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার করে ন্যস্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। তারা হলেন ঢাকা উত্তরের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মোস্তানজির।

এরপর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে। এ নির্দেশ অনুযায়ী, শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘ময়লা-আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার কারণে এ কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’ তিনি আরও জানিয়েছেন, নির্দেশ কার্যকর করতে নেওয়া হচ্ছে দ্রুত পদক্ষেপ।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব অ্যাডভোকেট মেহেদুল ইসলাম।

পরিদর্শনের সময় গুলশান, রামপুরা, মালিবাগ, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, গুলিস্তান, শাহবাগ, নিউমার্কেট, ধানমন্ডি, ফার্মগেট ও মহাখালীসহ বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী।