মালয়েশিয়ার রাজপরিবার সম্পর্কে ‘আপত্তিকর ও মানহানিকর’ কনটেন্টের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে টিকটককে নির্দেশ দিয়েছে দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) জানায়, রাজা সুলতান ইব্রাহিমের সঙ্গে যুক্ত বলে দাবি করা একটি অ্যাকাউন্ট থেকে ছড়ানো কনটেন্টের প্রতিক্রিয়ায় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটিকে ‘অনতিবিলম্বে প্রতিকারমূলক ব্যবস্থা’ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এমসিএমসি জানিয়েছে, তাদের এই আদেশের ফলে সোশ্যাল মিডিয়া কোম্পানিটিকে তাদের মডারেশন নীতি আরও জোরদার করতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও এবং বিকৃত ছবিসহ ‘অত্যন্ত আপত্তিকর, মিথ্যা, হুমকিস্বরূপ ও অপমানজনক’ কনটেন্ট বন্ধ করতে ব্যর্থ হওয়ার জন্য একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা দিতে হবে।
অবশ্য চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য সাংবিধানিক রাজতন্ত্রের দেশ মালয়েশিয়ায় ১৯৪৮ সালে পাস হওয়া একটি রাষ্ট্রদ্রোহ আইনের অধীনে রাজপরিবারের বিরুদ্ধে ‘ঘৃণা বা অবজ্ঞা’ ছড়ায় এমন বক্তব্যকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়।