Image description

পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দলীয় নেতাদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি।

শুক্রবার (৮ মে) দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, পিটিআই নেতা আলী জাফরের উত্থাপিত পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রীবিষয়ক রাজনৈতিক ও জনসংযোগ উপদেষ্টা রানা সানাউল্লাহ খান বলেন, ‘ইমরান খান ও বুশরা বিবির হেফাজত ও সুযোগ-সুবিধা সংক্রান্ত সব বিষয় আদালতের নির্দেশনা ও কারা বিধি অনুযায়ী পরিচালিত হচ্ছে।’

তিনি জানান, আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হওয়ার পর বর্তমানে তারা বিচারিক হেফাজতে আছেন। এ বিষয়ে ইসলামাবাদ হাইকোর্ট ও সুপ্রিম কোর্টসহ উচ্চ আদালতগুলোতে আগেই আলোচনা হয়েছে।

 
 

রানা সানাউল্লাহ আরও বলেন, ‘আদালতের বন্ধু (অ্যামিকাস কিউরি) হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী সালমান সাফদারকে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি কারাগার পরিদর্শন করে ইমরান খানের থাকার পরিবেশ ও সুযোগ-সুবিধা নিয়ে একটি প্রতিবেদন জমা দেন।’

 

তিনি বলেন, ‘বুশরা বিবিও বিচারিক হেফাজতে রয়েছেন। প্রয়োজন অনুযায়ী তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসাও দেওয়া হয়েছে।’ তার চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি বলেও দাবি করেন তিনি।

 

বিচারিক হেফাজত নিয়ে বিরোধী দলের কোনো অতিরিক্ত দাবি থাকলে আদালতেই তা উপস্থাপন করার পরামর্শ দেন সানাউল্লাহ। তিনি বলেন, ‘আদালত প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারে। এ বিষয়ে আলী জাফরও আদালতের শরণাপন্ন হয়ে সংশ্লিষ্ট প্রতিবেদন ও তথ্য পর্যালোচনা করতে পারেন।’

এদিকে খুররম ভির্ক, নাসিম আলী শাহ, জাহির শাহ, রাজাব আব্বাসি, জার আলম ও রুবিনা শাহীনসহ কয়েকজন পিটিআই নেতা আদিয়ালা কারাগারে গেলেও তারা ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পাননি।